ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের নতুন নেতা মোজতবা খামেনি

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির মৃত্যুর পর গত রোববার ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ইরানের নেতৃত্বে থাকা আলী খামেনি যুদ্ধের প্রথম দিনেই নিহত হন। তার মৃত্যুর পরপরই মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে চালানো এক ভয়াবহ হামলায় মোজতবা খামেনির পায়ে গুরুতর আঘাত লাগে। তবে বর্তমানে তিনি কোথায় আছেন এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন—সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি বা টেলিভিশনে কোনো ভাষণ দেননি। বিশ্লেষকদের মতে, এই শারীরিক আঘাতই তার প্রকাশ্যে না আসার অন্যতম কারণ হতে পারে।

তেহরানের বিভিন্ন সড়কে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার দেখা গেলেও নতুন নেতার দীর্ঘ অনুপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

আলী খামেনির মৃত্যুর পর দ্রুত মোজতবাকে ক্ষমতায় বসানো হলেও তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

একদিকে যুদ্ধকালীন জরুরি পরিস্থিতি, অন্যদিকে সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর—এই দুই পরিস্থিতি ইরানের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের মনোবলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরানের সরকারি গণমাধ্যম এখন পর্যন্ত নতুন নেতার আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যখন ক্রমেই তীব্র হয়ে উঠছে, তখন খামেনি পরিবারের ওপর একের পর এক আঘাত ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের শূন্যতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মোজতবা খামেনির শারীরিক অবস্থার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে নজর রাখছে।

বিশ্লেষকদের মতে, যদি তার আঘাত গুরুতর হয়ে থাকে, তবে ইরানের নেতৃত্বে তিনি কতটা কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবেন—তা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *