৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ

রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনকেও আটক করা হয়েছে, তবে তাঁর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ওখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এটি নিষিদ্ধ হওয়ায় তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে।”

এ ঘটনায় কোনো অভিযোগ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগ রয়েছে বলেই তাঁদের নিয়ে আসা হয়েছে।”

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, “এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি। সিদ্ধান্ত হলে জানানো যাবে।”

বিকেল পৌনে ৫টা পর্যন্ত আটক ওই শিক্ষার্থী থানাতেই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছিল। ভাষণের বিখ্যাত অংশ—“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”—শোনা যাওয়ার সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এ সময় পুলিশের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ তাঁকে একটি অটোরিকশায় তুলে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এই ভাষণ দেন। যদিও স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আসে দুই সপ্তাহ পর, ২৬ মার্চ; তবে ওই ভাষণেই মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা ছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয়ভাবে ৭ মার্চ দিবসটি ব্যাপকভাবে পালন করা হতো। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

সূত্রঃ প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *