জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ও সাত মার্চের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু আওয়ামী লীগ সেই গৌরবকে ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা ও অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধকে তারা মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাই মুক্তিযুদ্ধ, সাত মার্চ বা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না।”
শনিবার (৭ মার্চ) ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন দলের নেতা নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, সরকার সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দুটি শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল একটি শপথ নিয়েই জুলাইয়ের আকাঙ্ক্ষা ও সনদের সঙ্গে বেঈমানি করেছে।
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, আগামী ১২ তারিখের অধিবেশন শুরুর আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। একই সঙ্গে প্রথম অধিবেশনেই ‘ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে’ অপসারণের দাবি জানান তিনি। অন্যথায় ১১ দল রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান। এছাড়া এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
