রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–কে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের পক্ষে সব শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহিদের রক্তের বিনিময়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদের নতুন যাত্রা শুরু হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করার পরই বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি তারা ‘ফ্যাসিস্টের দোসররা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘শেখ হাসিনার দালালরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
