যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
রোববার (১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ আলি খামেনি–র মৃত্যুর প্রতিবাদে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ইরানে যে হামলা চলছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে খামেনির আত্মার মাগফিরাত কামনা করছি। এ যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাতও কামনা করছি।
তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছিল। কিন্তু বর্তমানে সংস্থাটি কয়েকটি দেশের তাঁবেদারিতে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে একদিন জনগণই বলবে—জাতিসংঘের প্রয়োজন নেই। তাই আমরা জাতিসংঘকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ওআইসি–কেও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এই যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের দাম বাড়বে। সুতরাং জনগণ ও বৈশ্বিক স্বার্থে দ্রুত এই যুদ্ধ বন্ধ করা উচিত।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, এই যুদ্ধ বন্ধ না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। ইসরায়েল–কে উদ্দেশ করে তিনি বলেন, অতীতে আপনাদের বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারও যদি পণ্য বর্জন শুরু হয়, তাহলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই অবিলম্বে ইরান–এর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন ও মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ দলের অন্যান্য নেতারা।
