ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশটির বিভিন্ন শহরে অনেক মানুষ রাস্তায় নেমে গান বাজিয়ে ও উল্লাস করে উদযাপন শুরু করেন। বার্তা সংস্থা এএফপি–এর যাচাইকৃত ভিডিও ফুটেজে এসব দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, লোকজন হাততালি দিচ্ছেন, গাড়ির হর্ন বাজাচ্ছেন এবং আনন্দ প্রকাশ করছেন।
খবরটি ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বলে দাবি করা হয়। এর পরপরই বিভিন্ন এলাকায় উদযাপন আরও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খামেনির মৃত্যুর খবরে রাজধানী তেহরান–এর বিভিন্ন অংশে জোরে জোরে উল্লাসধ্বনি শোনা যায়। অনেক বাসিন্দা জানালার কাছে এসে হাততালি দেন এবং উচ্চস্বরে গান বাজান।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওর সত্যতা যাচাই করেছে এএফপি। এসব ভিডিওতে দেখা যায়, অনেকে অবিরাম বাঁশি বাজাচ্ছেন, উল্লাস করছেন এবং কোথাও কোথাও আতশবাজিও ফোটানো হচ্ছে।
