শিশু তাহিয়া হত্যার পর কাদের ইশারায় ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলো: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় ৬ বছর বয়সি এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে এক স্কুলছাত্রীকে হত্যা—এই মর্মান্তিক ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের চরম শৈথিল্য স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। অপরাধীদের বিচার নিশ্চিত করার পরিবর্তে ধর্ষকদের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কীভাবে দেখাতে পারে—সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, শিশু তাহিয়া হত্যার ঘটনার পর কার বা কাদের ইশারায় এটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে? কারা এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে? এদের পরিচয় ও উদ্দেশ্য আজ জনগণের কাছে স্পষ্ট।

তিনি বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।

পোস্টে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *