ঢাবি ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে মারধর ও হেনস্তার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুই নারীকে শারীরিকভাবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই নারী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে দাঁড়িয়ে দুই নারী ঘটনার বর্ণনা দিচ্ছেন। তাদের ভাষ্য, ‘আমরা পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে একজন ব্যক্তি চড়থাপ্পড় দিতে শুরু করে।’

ভিডিওতে আরও দেখা যায়, ওই সময় ভুক্তভোগী এক নারী এগিয়ে গিয়ে জানতে চান—কেন মারধর করা হচ্ছে। তখন অভিযুক্ত শিক্ষার্থী অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন তারা।

হেনস্তার শিকার নারী বলেন, ‘রাতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে যাতায়াত করা নিষেধ? আমাদের কোনো প্রশ্নই করা হয়নি। বরং আমাদের প্রস্টিটিউট বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা নিরাপদ নই। ৫ আগস্টের পর থেকে আমরা আরও অনিরাপদ। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের ধরে মারছে। আমাদের পোশাকে কি লেখা আছে যে আমরা প্রস্টিটিউট?’

অপর ভুক্তভোগী নারীকে ভিডিওতে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরে থেকে এসেছি? আমি কি এখানে আসতে পারি না?’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *