‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, গতকাল মঙ্গলবার নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। নতুন আইজিপি নিয়োগের একদিনের মাথায় ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের মেয়াদে চুক্তিভিত্তিকভাবে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পান। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
সে অনুযায়ী তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
