এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত, আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স: মোহাম্মদ সাহাবুদ্দিন

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর নিজেকে চাপমুক্ত ও ভারমুক্ত অনুভব করছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির দেওয়া সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয় সোমবার (২৩ ফেব্রুয়ারি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয় এর দ্বিতীয় ও শেষ পর্ব। সাক্ষাৎকারে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর নিজের অনুভূতি সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

উত্তরে রাষ্ট্রপতি বলেন,
“এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। দেড় বছর আমি শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। এখন আমি পুরোপুরি রিল্যাক্স। দেড় বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল—কীভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব এবং কীভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি কেটে গেছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন ভালো হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন, আর সে লক্ষ্য পূরণ হয়েছে। নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল বলে তিনি মন্তব্য করেন।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন,
“আমার তো উনার সঙ্গে খুব অল্প সময় দেখা হয়েছে। টুকটাক কিছু কথা হয়েছে। আমি দেখেছি, রাষ্ট্রনায়কোচিত গুণাবলি উনার মধ্যে রয়েছে—এটা নির্দ্বিধায় বলা যায়। একটি কথা আছে, ‘মর্নিং শোজ দ্য ডে’। এই কদিনের কার্যক্রম দেখে আশাবাদী হওয়া যায়।”

তিনি আরও বলেন,
“বিশেষ করে উনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই তিনি দেশের ভালো করবেন—এই বিশ্বাস আমি রাখি। উনার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগের মুখে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান—এটাই আমার কামনা।”

সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *