আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডেমরা থানা পুলিশ।
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করা হয়। ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
