বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘২১ ফেব্রুয়ারি’-এর পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’কে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
আলোচনা সভায় মাসুদ সাঈদী বলেন, “আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশ যে চেতনা আমাদের শিখিয়েছে, তা সর্বদা ধারণ করা। আমরা প্রতিবছর এই দিবস পালন করি, কিন্তু তা মূলত আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকে। একুশের চেতনা আমরা এখনও সর্বস্তরে যথাযথভাবে ধারণ করতে পারছি না, যেমনটি আমরা একুশে ফেব্রুয়ারি পালন করে থাকি।”
তিনি আরও বলেন, “বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। মাতৃভাষা দিবস হওয়ার কথা ছিল ৮ ফাল্গুনে, কিন্তু এখনও তা ২১ ফেব্রুয়ারি হিসেবেই পালিত হচ্ছে। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত ও প্রত্যাশিত একটি সরকার। আমি আশা করি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেবে। এতে ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।”
জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
