চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সুস্পষ্ট নীতিগত উদ্যোগ অপরিহার্য। আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হলে তাদের ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র পরিচয় সংরক্ষণ সহজ হবে এবং সামাজিক বৈষম্য হ্রাস পাবে।
তারা আরও বলেন, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না থাকায় তাদের অধিকার ও সাংস্কৃতিক অস্তিত্ব ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব জাতিসত্তার ভাষার মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। কর্মসূচির আগে শহীদ মিনার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।
